ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার দামুড়হুদা ও মেহেরপুরের মুজিবনগরে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। অভিযানে যুবলীগ ও তাঁতী লীগ নেতা এবং সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজন গ্রেপ্তার হন।
দামুড়হুদা:
দামুড়হুদায় ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সময় নাটুদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসানুজ্জামান পিণ্টু (৪৯) গ্রেপ্তার হয়েছেন। গত শনিবার রাত ১০টার দিকে উপজেলার চন্দ্রবাস বাজারপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিণ্টু মৃত ওয়াজ্জেদ আলী বিশ্বাসের ছেলে। গতকাল রোববার দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক কৃষককে হত্যাচেষ্টার অভিযোগে হাসানুজ্জামান পিণ্টুর বিরুদ্ধে মামলা দায়ের হয়। গত ৮ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে দামুড়হুদার হাতিভাঙ্গা গ্রামের কইমারির মাঠে কৃষিকাজ করার সময় বাদীকে হত্যার উদ্দেশ্যে ধারালো হাসুয়া দিয়ে কোপানো হয়। তিনি ঠেকাতে গেলে তার বাম হাতের বৃদ্ধাঙ্গুল ও মধ্যমা আঙুল কেটে গুরুতর জখম হয়। পরে ভুক্তভোগী দামুড়হুদা মডেল থানায় মামলা করেন। এরই প্রেক্ষিতে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর মাধ্যমে যুবলীগ নেতা পিণ্টুকে গ্রেপ্তার করা হয়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির বলেন, ‘অভিযুক্তকে গ্রেপ্তারের পর রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’
মুজিবনগর:
মুজিবনগরে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সময় উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক গাউসুল আজম বিজন (৪৪) ও এক সাজাপ্রাপ্ত আসামি তরিকুল ইসলাম ওরফে দোয়াত আলী (৪৭) গ্রেপ্তার হয়েছে। গত শনিবার দিবাগত রাতে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ এ অভিযান চালায়। অভিযানে অংশ নেন এসআই কামরুজ্জামান জিয়া, এসআই আশরাফুল ইসলাম, এসআই নাজমুল ইসলাম, এএসআই মনজুরুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
পুলিশ জানায়, মুজিবনগর থানায় দায়ের করা একটি মামলার তদন্তের ভিত্তিতে উপজেলার মোনাখালী গ্রামের দক্ষিণপাড়ার আব্দুস সালামের ছেলে ও উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক গাউসুল আজমকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি দারিয়াপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে তরিকুল ইসলাম ওরফে দোয়াত আলী গ্রেপ্তার হন।
এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘অপারেশন ডেভিল হান্টের আওতায় তাঁতী লীগ নেতা ও এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।’ তিনি জানান, মুজিবনগর থানা এলাকায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে ও মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
