বাসায় গিয়ে খালেদা জিয়াকে দেখলেন চিকিৎসকরা, আগের চেয়ে সুস্থ আছেন

আপলোড তারিখঃ 2025-02-13 ইং
বাসায় গিয়ে খালেদা জিয়াকে দেখলেন চিকিৎসকরা, আগের চেয়ে সুস্থ আছেন ছবির ক্যাপশন:

লন্ডনে ছেলে তারেক রহমানের বাসায় আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিত্সক ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। তার চিকিৎসা তার বড় সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসা থেকেই হচ্ছে। বাসায় তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, শর্মিলা রহমানসহ তিন নাতনি আছেন। ব্যারিস্টার জাইমা রহমান (তারেক রহমানের মেয়ে), জাহিয়া রহমান এবং জাফিয়া রহমান (মরহুম আরাফাত রহমানের মেয়ে) তাদের দাদির সেবাযত্ন করছেন। মানসিকভাবে আগের চেয়ে অনেক ভালো আছেন খালেদা জিয়া।
গত ৮ জানুয়ারি খালেদা জিয়াকে উন্নত চিকিত্সার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হয় এয়ার অ্যাম্বুলেন্সে করে। জাহিদ হোসেন জানান, তিনি ‘দ্য লন্ডন ক্লিনিক’—এর প্রফেসর প্যাট্টিক কেনেডি, প্রফেসর জেনিফার ক্রস এবং ড. ব্যারেডের অধীনে চিকিৎসাধীন আছেন। বিভিন্ন পরীক্ষানিরীক্ষা যেগুলো করা দরকার, মাঝেমধ্যে সেটাও করা হচ্ছে। সবার কাছে বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন তিনি। ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি হওয়ার পর ২৫ জানুয়ারি চিকিৎসকদের ছাড়পত্র পেয়ে ছেলের বাসায় ওঠেন খালেদা জিয়া। ৭৯ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। কবে নাগাদ বিএনপি চেয়ারপারসন দেশে ফিরবেন—এমন প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, তারিখটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। লন্ডনের চিকিত্সকরা যেদিন তাকে যাওয়ার জন্য পরামর্শ দেবেন, কিংবা তিনি নিজে যখন মনে করবেন যে বিদেশ থেকে দেশে যাওয়ার মতো একটি অবস্থার মধ্যে আছেন, তখনই ফিরে যাবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)