গাংনীতে পরিবেশ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপলোড তারিখঃ 2025-02-11 ইং
গাংনীতে পরিবেশ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলার শুকুরকান্দি ও হিজলবাড়িয়া এলাকায় তিন ফসলি জমিতে গড়ে ওঠা সাতটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে বন্ধ ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। একই সঙ্গে ইটভাটা মালিকদের কাছ থেকে ৬ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত সোমবার ও গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে ইটভাটা বন্ধ ও জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া পরিচালিত এসব ইটভাটা মালিকদের বিরুদ্ধে অভিযান অব্যহত রয়েছে। দুদিনের অভিযানে জনতা ইটভাটার মালিককে ১ লাখ টাকা, রূপসা ইটভাটার মালিককে ১ লাখ টাকা, থ্রি স্টার ইটভাটার মালিককে ১ লাখ টাকা, সমতা ইটভাটার মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা, এসএইচবিসি ইটভাটার মালিক ইকরামুল হককে ২ লাখ টাকা, ফোর স্টার ব্রিকসে শ্রমিক হিসেবে কাজ করার অপরাধে শ্রমিক ইকবালুর রহমানকে ১০ হাজার টাকা এবং বলাকা ব্রিকসের মালিক মিলন হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোজাফ্ফর খান। অভিযানে সহযোগিতা করেন গাংনী থানা পুলিশ ও বামন্দী ফায়ার সার্ভিসের একটি দল। অভিযানের সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ফোর স্টার ব্রিকসের কাঁচা ইট ধ্বংস করেন এবং এক্সকাভেটরের মাধ্যমে হিজলবাড়িয়ার বলাকা ব্রিকস গুঁড়িয়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’—এর ৫৯ নম্বর ধারার আওতায় সাতটি ইটভাটা বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে জেলার সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ জেলা প্রশাসনের তথ্যমতে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই জেলার তিনটি উপজেলায় প্রায় ১০৮টি ইটভাটা পরিচালিত হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)