ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামে জমি দখলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন দুই ভাই শহিদুল ইসলাম ঝণ্টু ও আব্দুল মজিদ সোনা মিয়া। গতকাল সোমবার রাতে ভাংবাড়িয়া গ্রামে নিজ বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তারা। লিখিত বক্তব্যে তারা বলেন, ‘ভাংবাড়িয়া ঈদগাহ মোড়ের পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন ধরে তাদের দখলে ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালে শামসুদ্দীন বিশ্বাস পতন ও আবুল কালাম আজাদ সাগর জোরপূর্বক তাদের জমি দখল করে নেয়। ওই জমি তাদের স্ত্রীদের নামে থাকলেও রাজনৈতিক প্রভাবের ভয়ে এতদিন তারা প্রতিবাদ করতে পারেননি।
তারা আরও জানান, গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তারা জমি দখলমুক্ত করার জন্য আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় সালিশ বৈঠক হয়, যেখানে উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে পুলিশ জমিটি তাদের (শহিদুল ইসলাম ঝণ্টু ও আব্দুল মজিদ সোনা মিয়া) মালিকানা হওয়ার প্রমাণ পাওয়া যায়।
এরপর গত রবিবার তারা নিজেদের জমি পুনরুদ্ধারের জন্য মাপজোখ করেন। তবে কিছুক্ষণ পরই আবুল কালাম আজাদ সাগর ও শামসুদ্দীন বিশ্বাস পতন নিজেদের দোকানের প্রাচীর ভেঙে নাটক সাজিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন বলে দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে তারা প্রকৃত ঘটনা সবার সামনে তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
