ছবির ক্যাপশন:
মুজিবনগরে পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং বিদেশ থেকে আমদানি বন্ধের দাবিতে স্থানীয় কৃষকেরা মানববন্ধন করেছেন। গতকাল সোমবার বিকেল চারটায় কেদারগঞ্জ বাজারে অনুষ্ঠিত এই মানববন্ধনে কৃষকেরা সরকারের কাছে তাদের দাবি তুলে ধরেন। এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর কৃষকদের পক্ষ থেকে খাইরুল ইসলাম একটি স্মারকলিপি পেশ করেন।
কৃষকদের অভিযোগ, দেশে পেঁয়াজের ভরা মৌসুম শুরু হতেই ভারতসহ অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। এর ফলে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কমে গেছে, যা কৃষকদের উৎপাদন খরচও তুলতে দিচ্ছে না। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ২৫ থেকে ২৭ টাকায় বিক্রি হচ্ছে, যা কৃষকদের জন্য আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
চাষিরা জানান, গত বছর পেঁয়াজের দাম বেশি থাকায় এবার তারা অধিক পরিমাণে আবাদ করেছেন। তবে এখন নতুন পেঁয়াজ বাজারে আসার সময়েই বিদেশি পেঁয়াজ কম দামে আমদানি করা হচ্ছে, যার ফলে স্থানীয় কৃষকরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। বক্তারা বলেন, ‘যখনই দেশীয় পেঁয়াজ বাজারে আসতে শুরু করে, তখনই আমদানি করা হয়, যা আমাদের জন্য মারাত্মক ক্ষতির কারণ। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমরা চাই, আগামী তিন মাস পেঁয়াজ আমদানি বন্ধ রাখা হোক, যাতে আমরা ন্যায্য মূল্য পাই।’ কৃষকদের দাবি, সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তবে দেশের পেঁয়াজ চাষীরা বড় ধরনের লোকসানের মুখে পড়বেন, যা কৃষি অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
