দেশে নির্বাচন নিয়ে এখনো অনিশ্চয়তা থাকলেও ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ নিয়ে জেলাব্যাপী উৎসুক ভোটারদের কৌতুহলের শেষ নেই। এতদিন সাধারণ ভোটারদের মধ্যে কে প্রার্থী হচ্ছে? তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা কেমন এ নিয়ে কৌতূহল ছিল। গতকাল সোমবার দুপুরে জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকর গণমাধ্যমকর্মীদের কাছে জামায়াতের প্রার্থী ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন।
ঘোষিত সম্ভাব দলীয় প্রার্থী তালিকায় ঝিনাইদহ-১ আসনে (শৈলকুপা) শৈলকুপা উপজেলা জামায়াতের আমির এএসএম মতিয়ার রহমান, ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনে জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকর, ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে মতিউর রহমান ও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে মাওলানা আবু তালেবের নাম রয়েছে।
ঝিনাইদহ জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকর জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশেই সংগঠনের পক্ষ থেকে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে। তারই অংশ হিসেবে সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, আমরা দুর্নীতিমুক্ত, শোষণ-পীড়নমুক্ত, মাদক-সন্ত্রাসমুক্ত ও মানবিক ঝিনাইদহ গড়তে চাই। ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। শহিদ ছাত্র-জনতা ও দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণে আমরা কাজ করতে চাই। এ জন্য তিনি ঝিনাইদহবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
এদিকে, জামায়াতের প্রার্থী ঘোষণাকে তাদের দলীয় ব্যাপার বলে মন্তব্য করেছেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী লড়াই ও গণতন্ত্র উদ্ধারের চলামান আন্দোলনে জামায়াত এখনো সঙ্গে আছে। বিএনপির ৩১ দফায় জাতীয় সরকারের রূপরেখা রয়েছে। নিজ নিজ দল থেকে নির্বাচিত হয়ে আসা জনপ্রতিনিধিদের নিয়ে বিএনপি জাতীয় সরকারের গঠন করবে। তাই জামায়াতের প্রার্থী ঘোষণার সিদ্ধান্তে বিএনপি হতাশ নয়।
