ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় আধুনিক ও অলাভজনক ‘নীলা-শুকতারা ফাউন্ডেশন হাসপাতাল’-এর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় কালিদাসপুর রেলগেটের অদূরে নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী ইসলাম। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, সংবাদকর্মী, বিভিন্ন পেশার মানুষ ও প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নির্মাণ কাজ উদ্বোধনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাসপাতালের প্রতিষ্ঠাতা, যুক্তরাষ্ট্রপ্রবাসী বিশিষ্ট সমাজসেবক শেখ আব্দুল কাদির।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী ইসলাম বলেন, ‘শেখ পরিবার আলমডাঙ্গায় বহুবার চক্ষুশিবিরের আয়োজন করেছে। শত শত রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে, ছানি অপারেশন করিয়েছে, এমনকি চশমাও দিয়েছে। আজ তারা আধুনিক চক্ষু হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি তাদের সফলতা কামনা করি। মানবতার সেবায় এ ধরনের উদ্যোগ আরও বাড়লে আলমডাঙ্গাবাসী উপকৃত হবে।’
বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মফিজুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু তালেব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হক, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মাহবুব আলম, বিশিষ্ট লেখক খন্দকার হাবিবুল করিম চঞ্চল ও শামসুজ্জোহা সাবু। এছাড়া এলাকার বিশিষ্টজন, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, সংবাদকর্মী, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
