ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের বিএনপি নেতারা এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, তাদের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আনসার আলী ও আলী হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করেছে। তারা জানান, গত বছরের ২২ ডিসেম্বর আলমডাঙ্গায় কৃষক আহমদ শরীফ হত্যার দায় বিএনপির ওপর চাপানো হয়েছে। এছাড়া, তাদের দলের অফিস ভাঙচুর ও মাছের ঘেরে বিষ প্রয়োগের অভিযোগও তোলা হয়েছে। বিএনপি নেতারা এসব ঘটনার সঠিক বিচার দাবি করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক মো. আনসার আলী, খাসকররা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনসহ আরও অনেকে। উপস্থিত সবাই একই হত্যা মামলার জামিনপ্রাপ্ত আসামি। সংবাদ সম্মেলনে আনসার আলী লিখিত বক্তব্য পাঠ করেন এবং চুয়াডাঙ্গা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সঠিক বিচারের দাবি জানান।
