ছবির ক্যাপশন:
মেহেরপুরের গাংনীতে আসন্ন বিএনপির কাউন্সিল উপলক্ষে উপজেলার কাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী লাল্টু মিয়ার প্রার্থীতা জানান দিতে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছেন। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার হাড়াভাঙ্গা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে কাজীপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
জানা গেছে, চলতি ফেব্রুয়ারি মাসেই গাংনী উপজেলা, গাংনী পৌর এবং গাংনী উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে বিএনপি নেতা লাল্টু মিয়া এই মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন।
বিএনপি নেতা লাল্টু মিয়া জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন এই উপজেলার বাইরে থাকতে বাধ্য হয়েছিলেন। স্বৈরাচার হাসিনা পতনের পরে তিনি এলাকায় এসেছেন। আসন্ন কাউন্সিলে নির্যাতিত নেতা-কর্মীদের মূল্যায়ন করবেন এবং তাকেই নেতা-কর্মীরা সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন বলে তিনি আশা করে এই মোটরসাইকেল র্যালি বের করেন। মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন বিএনপি নেতা হুরমুত উল্লাহ, কাউছার আলী, আরিফুল ইসলাম, শিপন আলী, আসলাম মোল্লা, সাদ্দাম হোসেন, আলাউদ্দিন ও টুকু মিয়া প্রমুখ।
