ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় মাটি খননের এস্কেভেটর (ভেকু মেশিন) উল্টে মেহেদী হাসান মিরাজ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আলমডাঙ্গা উপজেলার বড় পুটিমারি গ্রামে জিকে ক্যানালের খননকাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান মিরাজ কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বারোমাইল গ্রামের চরপাড়ার জিয়াউর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলমডাঙ্গার বড় পুটিমারি গ্রামে জিকে ক্যানালে এস্কেভেটর দিয়ে খনন কাজ করছিলেন চালক মেহেদী হাসান মিরাজ। এসময় পিচলে এস্কেভেটরটি উল্টে গেলে চালক নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন।
আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আল মামুন বলেন, একটি প্রকল্পের আওতায় জিকে ক্যানেলের খনন কাজ চলছিল। এসময় এস্কেভেটরটি উল্টে চালক মেহেদী হাসান মিরাজ ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করি।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, আমরা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড হবে।
