গাংনীতে তারুণ্যের উৎসব ও পিঠা মেলা
প্রতিবেদক, গাংনী:
মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে তারুণ্যের উৎসব ও শীতকালীন পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হয়। হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আইসিটি অফিসার আব্দুর রকিব, উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) নাহিদ হাসান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনসুর রহমান।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সঞ্চালনায় আমেরিকা প্রবাসী আবুল কাশেম, বজলুল আজিজ হেলু, সহকারী শিক্ষক আতিয়ার রহমান, হাবিবুর রহমান, মোখলেসুর রহমান, শহিদুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মেলায় ১০টি স্টল স্থান পায়। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন এবং শীতকালীন নানা ধরনের পিঠার স্বাদ গ্রহণ করেন। এ বছরই প্রথম এমন মেলার আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক আনন্দিত। প্রতি বছরই এমন আয়োজন অব্যহত রাখার জন্য তারা তাদের মতপ্রকাশ করেন।
