জীবননগরে বাড়ি ভাড়া নিয়ে চাঁদ আলীর মাদকব্যবসা
জীবননগর অফিস: জীবননগর পৌর শহরের রাজনগরপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে মাদক ব্যবসার অভিযোগ উঠেছে চাঁদ আলীর বিরুদ্ধে। প্রতিবাদ করায় বাড়ির মালিককে প্রাণনাসের হুমকি দিয়েছে সে। এ ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। জানা গেছে, জীবননগর পৌরসভার ৩নং ওয়ার্ডের স্বর্গীয় হরকুমারের ছেলে শ্রী গৌরঙ্গের বাড়ি ভাড়া নেয় একই গ্রামের মৃত মান্দার মন্ডলের ছেলে চাঁদ আলী। দীর্ঘ দিন যাবৎ ভাড়া বাড়িতে চাঁদ আলী মাদকব্যবসা করে আসছে। বাড়ির মালিক গৌরঙ্গ বিষয়টি জানতে পেরে তাকে একটি সময় দিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। কিন্তু বাড়ি ছাড়াতো দুরে থাক বরং বাড়ির মালিককে মাদকদ্রব্য দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দেওয়াসহ তাদের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয় চাঁদ আলী। এমনই অভিযোগ করেন বাড়ি মালিক গৌরঙ্গ। বাড়ির মালিক গৌরঙ্গ বলেন, আমি ব্যবসার কারনে রাজনগরপাড়ার বাড়িটি চাঁদ আলীর নিকট ভাড়া দিয়ে পিয়ারাতলা গ্রামে স্বপরিবারে বসবাস করছি। এদিকে স্থানীয় এলাকাবাসী আমার কাছে চাঁদ আলীর মাদকব্যবসার কথা বললে আমি নিজে বাড়িতে গিয়ে দেখি চাঁদ আলী ও তার স্ত্রী ছায়রা খাতুন প্রকাশ্যে মাদকব্যবসা করছে। এ বিষয় নিয়ে তাকে আমি বাড়ি ছেড়ে দিতে বলি। এসময় সে আমাকে বলে, ‘তোর বাসা ছাড়বো না, তোর মত হিন্দু আমার কি করবি? পারলে কিছু করে নিশ আর বেশি কিছু বললে তোকে খুন করে দেব।’ এ ব্যাপারে আমি বাদি হয়ে চাঁদ আলীর বিরুদ্ধে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা গেছে, চাঁদ আলী ও তার স্ত্রী ভাড়া বাড়িতে প্রতিদিন সকাল থেকে সন্ধা পর্যন্ত বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে চলেছে। তাদের বাড়িতে বিভিন্ন স্থান থেকে আসা অচেনা লোকের আনাগোনা লক্ষ করা গেছে। এ বিষয়টি বন্ধ করার জন্য চাঁদ আলীকে বলেও কোন লাভ হয়নি। বরং সে সাধারন মানুষকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করতে থাকে। যার ফলে তার বিরুদ্ধে কোন প্রতিবাদ করতে পারে না। এ ব্যাপারে চাঁদ আলীর সাথে কথা বলার জন্য মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
