ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: কুষ্টিয়ায় পৃথক ঘটনায় দুই লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরের পর পৃথক সময়ে লাশ দুটি উদ্ধার করা হয়। এদিন দুপুরে কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে নেহা (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়। উপজেলার আড়িয়া ইউনিয়নের লক্ষীপুর বিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নেহা ওই গ্রামের বিপ্লব হোসেনের মেয়ে। সে মিরপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। জানা যায়, শনিবার দুপুরে বিলের পাড়ে পা পিছলে পানিতে পড়ে যায় নেহা। পরে অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা তার লাশ উদ্ধার করে। এদিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পল্লীতে আব্দুস সালাম (৪২) নামে এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার সদরপুর ইউনিয়নের কাকিলাদহ গ্রামে পুকুরের পাড় থেকে তার লাশটি উদ্ধার করা হয়। আব্দুস সালাম কাকিলাদহ গ্রামের বাদল বিশ্বাসের ছেলে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সকালে মৎস্য ব্যবসায়ী আব্দুস সালামের মৃতদেহ তার নিজ পুকুরের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে মিরপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
