ছবির ক্যাপশন:
আইনি প্রক্রিয়া শেষে ১৭ দিন পর দেশে ফিরেছে পরিবারের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা মেহেরপুরের গাংনী উপজেলার মালয়েশিয়া প্রবাসী যুবক উজ্জ্বল হোসেনের মরদেহ। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার জুগিন্দা গ্রামে নামাজে জানাজা শেষে তার লাশের দাফন সম্পন্ন করা হয়। এর আগে গত সোমবার সকালে মালয়েশিয়া থেকে একটি ফ্লাইটে তার লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এসময় সকল কার্যক্রম শেষে উজ্জ্বল হোসেনের মরদেহের কফিনটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। উজ্জ্বল হোসেন গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা গ্রামের শাহারুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মালয়েশিয়ায় অবস্থানকালে গত ২০ ডিসেম্বর পরিবারের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন উজ্জল হোসেন। পরিবারে সচ্ছলতা ফেরাতে প্রায় দেড় বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন তিনি। মালয়েশিয়ায় যাওয়ার পর ঠিকমত কাজ না পাওয়ায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। পরে কোনো মতে একটি কোম্পানিতে কাজের সন্ধ্যান পেলেও সেখানে অনেক কঠিক কাজ করা সত্বেও ঠিক মতো বেতন না পাওয়ায় তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন।
আরও জানা যায়, বিভিন্ন সময় তিনি দেশে ফিরে আসার কথা জানালেও পরিবার তাতে সায় দেয়নি। এসব কারণে তীব্র ক্ষোভ আর অভিমানে আত্মহত্যার পথ বেঁচে নেন তিনি। ঘটনার দিন উজ্জল নিজ রুমে ছিলেন। তার সহকর্মীরা কাজ শেষে কক্ষে ফিরে এসে উজ্জ্বলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
