ছবির ক্যাপশন:
মেহেরপুরের গাংনীতে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। গত রোববার রাত সাড়ে ৯টায় উপজেলার সাহারবাটি-গাঁড়াডোব সড়কের মিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার রুইতনপুর গ্রামের সর্দারপাড়ার বাবর আলীর ছেলে মতিয়ার রহমান (৪০) ও মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে লিটন হোসেন (৩০)। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান গতকাল সোমবার দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সাহারবাটি-গাঁড়াডোব সড়কের রাইসমিল এলাকা দিয়ে মাদক পাচার করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে তিন বাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলে অভিনব কায়দায় বহন করা ৪ কেজি গাঁজাসহ মতিয়ার রহমান ও লিটন হোসেন নামের দুই ব্যক্তিকে আটক করে। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল জব্দ করা হয়। এসময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেনসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরে গাংনী থানা-পুলিশের মাধ্যমে তাদের বিরুদ্ধে মামলা করে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়।
