ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা ও ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে। আলমডাঙ্গায় ট্রাকচাপায় নিশান আলী (২১) নামের মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক আশিক (২৫)। গতকাল বৃহস্পতিবার সকাল সাতটার দিকে কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কের শ্রীরামপুর নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিশান আলী শ্রীরামপুর গ্রামের ক্যানালপাড়ার আনোয়ার হোসেনের ছেলে। এবং আহত আশিক একই গ্রামের খোকন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিশান ও আশিক প্রতিদিন গ্রাম থেকে ভোরে আলমডাঙ্গায় মাছের আড়তে কাজে বের হন। প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার ভোরে তারা মোটরসাইকেলযোগে কাজের উদ্দেশ্যে রওনা হন। পথের মধ্যে কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কের শ্রীরামপুর নওদাপাড়া গ্রামের ব্রিজের নিকট পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিশানের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত মোটরসাইকেল চালক আশিককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। নিহত নিশানের সুরতহাল রিপোর্ট করেছি। পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় নিহতের পরিবার লাশ গ্রামে নিয়ে গেছে।’ এদিকে, গতকাল আসরের নামাজের পর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে নিশানের লাশের দাফন সম্পন্ন করা হয়েছে।
এদিকে, ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। শৈলকুপার বারইপাড়া, সদর উপজেলার হাটগোপালপুর ও কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর নামক স্থানে এসব দুর্ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে লিয়াকত আলী, শৈলকুপার চন্ডিপুর ঋষিপাড়ার রঞ্জন কুমার দাসের ছেলে অরবিন্দু দাস ও কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের কিতাব মণ্ডলের স্ত্রী শুকজান বিবি।
ঝিনাইদহ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামে ইজিবাইকের ধাক্কায় রঞ্জন কুমার দাস নিহত হন। এছাড়া সকালে ভ্যানযোগে দুই শিশুকে নিয়ে সদর উপজেলার হাটগোপালপুর মর্নিং সান কিন্ডারগার্টেনে যাওয়ার পথে একটি বাসের ধাক্কায় নিহত হন ভ্যানচালক লিয়াকত আলী।
অন্যদিকে, কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হন শুকজান বিবি নামে এক নারী। হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, দুর্ঘটনার পর একটি বাসটি আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
