আলমডাঙ্গায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় বৈষম্যহীন ও শোষণমুক্ত বাংলাদেশ বিনির্মাণে এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের জাকির হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার দিল আরা চৌধুরী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার, আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিয়াউল হক ও গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক।
সমাবেশে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে মাদকের ভয়াবহতা, ইভটিজিং, মোবাইলের অপব্যবহার, শিক্ষার গুরুত্ব, বাল্যবিবাহ, আত্মহত্যা, পলিথিন প্রতিরোধ, সন্তানের প্রতি মায়ের গুরুত্ব, ডেঙ্গু ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে ১২০ জন নারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়াডাঙ্গার তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. আব্দুর রাজ্জাক।
