ছবির ক্যাপশন:
দর্শনা চেকপোস্টে মণ্টু মিয়া (৪০) নামের এক মাইক্রোবাস চালককে ঘুষি মেরে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে বিজিবি সদস্যদের বিরুদ্ধে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে দর্শনা চেকপোস্টের আইসিপি ভবনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ঝিনাইদহের কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিন পত্রিকার প্রতিনিধি তোফাজ্জেল হোসেন তপু তার ক্যানসার আক্রান্ত মাকে নিয়ে মাইক্রোবাসযোগে দর্শনা চেকপোস্টে পৌঁছান। এসময় কাস্টম-ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে আইসিপির সামনে মাইক্রোবাস থামিয়ে রোগীকে নামানো হচ্ছিল। আইসিপি ভবনের সামনে মাইক্রোবাস দাঁড়িয়ে থাকতে দেখে ক্ষুব্ধ হন বিজিবি সদস্যরা। ওই মাইক্রোবাসের চালক মণ্টু মিয়ার সাথে বিজিবির নায়েক সুবেদার আইসিপি ইনচার্জ মোহাম্মদ জামাল ও নায়েক আব্দুল মান্নানের সাথে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে নায়েক আব্দুল মান্নান চালক মণ্টুকে ঘুষি মারেন। এতে চালকের বাম চোখের ভ্রু কেটে যায়। পরে তাকে বিশ্রামাগারে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। স্থানীয় চিকিৎসক তাকে একটি সেলাই দেন।
ঝিনাইদহের কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিন পত্রিকার প্রতিনিধি তোফাজ্জেল হোসেন তপু অভিযোগ করে বলেন, ‘আমার মা একজন ক্যানসার রোগী। তিনি ঠিকমতো চলাফেরা করতে পারেন না। তাই মাইক্রোবাসযোগে তাকে কাস্টম ইমিগ্রেশনের কাজ শেষ করা হয়। এরপর বর্ডার পার হওয়ার জন্য রোগীকে ভ্যানে তুলতে গেলে মাইক্রোবাস দাঁড়ানো দেখে ক্ষিপ্ত হন বিজিবি সদস্যরা। পরিচয় দেয়ার পরও চড়াও হন তারা। অসুস্থ রোগী থাকা সত্ত্বেও চালককে ঘুষি মারেন তারা। রক্তাক্ত জখম হলে চোখের ভ্রুতে একটি সেলাই দিতে হয়েছে।
এ বিষয়ে দর্শনা আইসিপি চেকপোস্ট ইনচার্জ নায়েক সুবেদার মোহাম্মদ জামাল বলেন, গাড়ি প্রবেশ নিয়ে বিজিবির সৈনিকদের সাথে চালকের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়। পরে স্থানীয় সাংবাদিকদের মধ্যস্থতায় বিষয়টির মীমাংসা হয়ে গেছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
