ছবির ক্যাপশন:
দুইবার ফসলি জমিতে ঘাস মারা বিষ প্রয়োগ করে ধান নষ্ট করার পর থানায় মীমাংসা হয়েছিল। কিন্তু সেই ১০ কাঠা জমিতে এবার আবাদ করা ভুট্টখেতও কেটে তছরুপ করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময়ে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাজাপুর গ্রামের মাঠে এই ঘটনা ঘটানো হয়। ভুট্টাখেত ও জমির মালিক ভুক্তভোগী ফিরোজ আলী অভিযোগ করেন, গ্রামের উম্মত আলীর ছেলে মনিরুল ইসলামই আবারো তার জমির সব ভুট্টাগাছ কেটে তছরুপ করেছে।
জানা গেছে, এবার শীত মৌসুমে রাজাপুর গ্রামের মাঠে পৈতৃক ১০ কাঠা জমিতে ভুট্টা চাষ করেছিলেন ফিরোজ আলী। গতকাল শুক্রবার সকালে তিনি স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন তার জমির সকঠ ভুট্টাগাছ কেটে তছরুপ করা হয়েছে।
ভুক্তভোগী ফিরোজ আলী অভিযোগ করেন, রাজাপুর গ্রামের উম্মত আলীর ছেলে মনিরুল ইসলাম এ ঘটনা ঘটিয়েছেন। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। এর আগে একই জমিতে দুইবার ধান, গম এবং জব চাষের ক্ষেত ঘাস মারার বিষ দিয়ে নষ্ট করার অভিযোগও মনিরুল ইসলামের বিরুদ্ধে উঠেছিল। ওই ঘটনায় থানায় মামলা হলে, মেহেরপুর থানা পুলিশ এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের কমিশনারের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে মীমাংসা হয়। সেসময় মনিরুল ইসলাম লিখিতভাবে অঙ্গীকার করেছিলেন যে, তিনি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি করবেন না। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
