ছবির ক্যাপশন:
দর্শনা বাউল পরিষদের দুই যুগপূর্তি ও গুরুজি আবতাব শাহের ২৫তম সাধুসঙ্গ ও লোকসংস্কৃতি অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে বেগমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহাম্মদ আলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেরুর জিএম (কৃষি) আশরাফুল আলম ভুঁইয়া।
তিনি বলেন, বাংলার আসল ও আদি মূল সাংস্কৃতিকই হচ্ছে বাউল ও লোকসংস্কৃতি। যেখানে গ্রামীণ লাঠি, হাডুডুসহ বেশ কিছু খেলা রয়েছে, যা আমাদের সবকিছু মনে করিয়ে দেয়। বক্তব্য শেষে প্রধান অতিথি ৩ দিনের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। প্রধান বক্তা দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট বলেন, বাউল পরিষদ বাংলার লোকজ সংস্কৃতি ধারণ করে শিল্পকলা পদক পেয়েছেন, সেটা আমাদের গর্ব।
এছাড়া কেরুর ডিজিএম (সম্প্রসারণ) মাহাবুবুর রহমান বক্তব্য দেন। দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চোয়ারম্যান আহাম্মদ আলি বাউল ও লালন ফকিরের নিয়ে বিষদ আলোচনা করে সভা শেষ করেন। এর আগে আন্দুলবাড়ীয়া, শৈলমারি ও আকন্দবাড়িয়া বাউল পরিষদের লাঠিখেলার দল বাদ্যের তালে তালে লাঠিখেলা দেখিয়ে দর্শকের মন জয় করে। রাত সাড়ে ৮টার দিকে ধীরু বাউল ও তার দলের পরে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, জীবননগর, দামুড়হুদা ও দর্শনার বাউল শিল্পীদের পরিবেশনায় ভাব ও সাধুসংগীত পরিবেশিত হয়। সব শেষে বেশ কয়েকজন বয়স্ক বাউল সাধকদের কম্বল বিতরণের মধ্যদিয়ে প্রথম দিনের অনুষ্ঠান শেষ হয়।
