ছবির ক্যাপশন:
‘মিথ্যা সংবাদ প্রকাশের’ প্রতিবাদে আলমগীর হোসেন নামের এক কৃষক সংবাদ সম্মেলন করেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে দর্শনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ছোট শলুয়া গ্রামের শুকুরেরর ছেলে কৃষক আলমগীর হোসেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন,
বিগত আওয়ামী শাসনামল থেকেই আমি কিছু চিহ্নিত আওয়ামী ফ্যাসিবাদীদের দোসর কর্তৃক নির্যাতিত, নিপীড়িত, হত্যা হুমকিসহ নানানভাবে মাজলুম হচ্ছি। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় থেকে আজ অবধি এই চিহ্নিত মহলের রেড লাইনে পড়ে আছি। কখনো আমাকে অতর্কিত হামলা, কখনো আমার মাছের প্রজেক্টে বিষপ্রয়োগ করে নিঃস্ব করার চেষ্টা, কখনো সরাসরি হত্যা হুমকিও প্রদান করে আসছে তারা। এসবের ব্যাপারে একাধিকবার আমি থানায় অভিযোগ করলেও আইনি কোনো ধরনের সহযোগিতা বা পদক্ষেপ পায়নি।
তিনি আরও বলেন, গত বুধবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বিরুদ্ধে সেই চিহ্নিত মহলের কিছু পোস্ট লক্ষ করেছি, যেখানে আমাকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসায় জড়িত উল্লেখ করে নানান মিথ্যা বানোয়াট তোহমত আরোপ করা হয়েছে। এছাড়াও একটি স্থানীয় দৈনিক সকালের খোঁজখবরসহ কয়েকটি পত্রিকায় একই শিরোনামে আমাকে জড়িয়ে যেসব তথ্য প্রকাশ করা হয়েছে, এর প্রতিটি তথ্য মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। নিউজে যেসব ভুক্তভোগীর নাম উল্লেখ করা হয়েছে, তাদের সাথে আমার অত্যান্ত সুসম্পর্ক রয়েছে। তারা জানেও না তাদের নাম উল্লেখ করে বক্তব্য বানিয়ে নিউজ ছাপা হয়েছে। আমি এসমস্ত পত্রিকার বিরুদ্ধে খুব শীঘ্রই আইনি পদক্ষেপ নিব।
তিনি আরও বলেন, আমি বিগত ৫ বছর যাবত ছোট শলুয়া কুমিল্লাপাড়া জামে মসজিদ ও কবরস্থানের সেক্রেটারির দায়িত্ব পালন করে আসছি। আপনারা আমার পাড়া-মহল্লা ও মসজিদের মুসল্লিদের নিকট আমার ব্যাপারে খোঁজখবর নিন। আমি যদি এসব কর্মকাণ্ডের সাথে বিন্দুমাত্রও জড়িত হতাম বা থাকি আমার বিরুদ্ধে মামলা করার সুযোগ রয়েছে। অথচ একটি অভিযোগ কিংবা মামলাও আমার বিরুদ্ধে নেই। তাই আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি প্রকাশিত মিথ্যা সংবাদ এর তীব্র নিন্দা জানাচ্ছি।
