ছবির ক্যাপশন:
দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা ও কাঞ্চনতলা মাঠে পূর্ব শত্রুতার জেরে ফুলকপি, পেঁপে বাগান, ভুট্টা ও ড্রাগন বাগান কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক ফকির মোহাম্মদ গতকাল শনিবার কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার পার দামুড়হুদা গ্রামের আ. আলিমের ছেলে ফকির মোহাম্মদ কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা ও কাঞ্চনতলা মাঠে জমি লিজ নিয়ে ফুলকপি, ড্রাগন, পেঁপে বাগান ও ভুট্টার আবাদ করেছিলেন। গতকাল শনিবার সকালে বাগানে কাজ করার জন্য শ্রমিকেরা গিয়ে দেখেন ফুলকপি, পেঁপে বাগান, ভুট্টা ও ড্রাগন বাগান কেটে তছরুপ করা।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক ফকির মোহাম্মদ বলেন, ‘লেবারদের কাছ থেকে খবর পেয়ে আমি দ্রুত ছুটে এসে দেখি আমার জমির ফুলকপি কেটে টুকরা টুকরা করে মাঠে ছড়ানো, ভুট্টা গাছ কাটা, পেঁপে বাগানের পেঁপে গাছ কাটা, ড্রাগন বাগানের ড্রাগন গাছ কাটা। এর সপ্তাহ খানেক আগে আমার ড্রাগন বাগানের সব ড্রাগন রাতের আঁধারে লুট করে নিয়ে যায়। আমার এতে করে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’ তিনি বলেন, ‘আমি জমি লিজ নিয়ে চাষ করি। সরকারের কাছে পুরস্কার পেয়েছি। আমি আতঙ্কে আছি। যারা এমন কাজ করতে পারে তারা আমাকে মেরেও ফেলতে পারে।’
কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নিয়ামুল হক অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ফাঁড়িতে অজ্ঞাতনামাদের নামে লিখিত অভিযোগ করেছেন ফকির মোহাম্মদ নামের একজন। আমি মাঠ পরিদর্শন করেছি। তদন্ত চলছে। তদন্ত শেষে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।
