ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সরকারি কলেজে সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় মহান বিজয় দিবস উপলক্ষে কলেজের মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আব্দুল আজিজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম সাইফুর রশিদ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের এই বিজয়। আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ, লাল-সবুজের পতাকা এবং বাংলা ভাষায় কথা বলার অধিকার। বিজয় দিবস প্রতিটি বাঙালির জীবনে আনন্দের একটি দিন। এটি আমাদের জাতীয় জীবনের সর্বাপেক্ষা স্মরণীয়, আনন্দময় ও গৌরবের দিন। তাই এই দিবসটি যথাযথ মর্যাদা ও আনন্দের সঙ্গে উদ্যাপন করতে আমরা এ আয়োজন করেছি। এ আয়োজন শুধু চুয়াডাঙ্গা সরকারি কলেজের নয়, বরং পুরো চুয়াডাঙ্গা জেলার মানুষের জন্য।’
অধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম সাইফুর রশিদ আরও বলেন, ‘সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সফলভাবে সম্পন্ন করার জন্য আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করছি।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ফারজানা কেতকী এবং শিক্ষক পরিষদের সম্পাদক নজরুল ইসলাম। আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল হাসান, সহকারী অধ্যাপক মনিরুজ্জামান, প্রভাষক মাহমুদুল হাসান সুমন, প্রভাষক আজিম হোসেন ও প্রভাষক সাবিনা খাতুন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান খন্দকার রোকনুজ্জামান, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আতিয়ার রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
