ছবির ক্যাপশন:
মেহেরপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রোমানা আক্তার নামের এক নারী শিক্ষানবিস আইনজীবীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাঁড়াডোব নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোমানা আক্তার মেহেরপুর শহরের ক্যাশবপাড়ার মৃত খোকন আলীর কন্যা। তিনি ঢাকা জেলা জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।
জানা যায়, মেহেরপু থেকে গাংনী যাওয়ার পথে গাড়াডোব নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে আহত হন ৪ জন। পরে রোমানা আক্তারকে গুরুতর আহত অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় বাকি তিনজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার তারিক আহমেদ জানান, গুরুতর আঘাতের ফলে রোগীর মৃত্যু হতে পারে। পরিবার সূত্রে জানা যায়, ব্যক্তিগত কোনো কাজে মেহেরপুর থেকে গাংনীর উদ্দেশ্যে চাচাতো ভাই বাবুকে সাথে করে রওনা দেন রোমানা আক্তার।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলমান রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
