চুয়াডাঙ্গার ফার্মপাড়ায় কিশোরকে কুপিয়ে জখম

আপলোড তারিখঃ 2024-12-12 ইং
চুয়াডাঙ্গার ফার্মপাড়ায় কিশোরকে কুপিয়ে জখম ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় নিলয় হাসান সিয়াম (১৭) নামের এক কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের ফার্মপাড়া রেল গেইটে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জখম সিয়াম ফার্মপাড়ার মিজান আলীর ছেলে ও চুয়াডাঙ্গা ভি জে উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

জখম সিয়ামের বড় ভাই মো. নাহিয়ান বলেন, ‘সিময়াম কোনো বাজে ছেলেদের সঙ্গে মেশে না। রাতে ফার্মপাড়ার ওয়াজ মাহফিলে সে স্বেচ্ছাসেবকের দায়িত্ব শেষে ফেরার পথে ফার্মপাড়া রেল গেইটে পৌঁছালে একই এলাকার জসিম ও জিসান তাকে দা দিয়ে পিঠের নিচে কোপ দেয়।’ নাহিয়ান আরও বলেন, ‘সিয়াম জানিয়েছে যে, তার সঙ্গে ওদের কোনো সম্পর্ক বা বিরোধ ছিল না। রাস্তা দিয়ে ফেরার সময় ওরা সিয়ামকে নিয়ে বাজে মন্তব্য করে এবং নেশাদ্রব্য ক্রয়ের জন্য টাকা চায়। সিয়াম প্রতিবাদ করলে তারা দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।’ নাহিয়ান আরও বলেন, ‘সেলুনের দোকানের কর্মচারী জসিম এলাকায় বিভিন্ন নেশাগ্রস্ত ছেলেদের সঙ্গে মেলামেশা করে। সম্পূর্ণ বিনা কারণেই সিয়ামকে ওরা কুপিয়ে জখম করেছে।’ এদিকে, গতকাল রাতেই পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য সিয়ামকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোর্শেদ জানান, রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা সিয়ামকে জরুরি বিভাগে নেয়। তার পিঠের নিচে ধারালো অস্ত্রের গভীর ক্ষতচিহ্ন ছিল। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে তাকে ভর্তি রাখা হয়। এবং জখম গভীর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ প্রদান করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমিসহ থানা পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত সিয়ামকে পরিবারের সাহায্যে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। তাৎক্ষণিকভাবে ঘটানার বিষয়ে নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হবে বলে জানানো হয়েছে। আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে, অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)