দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় বাড়ছে শীতের প্রকোপ। প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ। গতকাল রোববার সকাল ৯টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৭২ শতাংশ। চলতি বছরে এটিই এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা। স্থানীয় আবহাওয়া অফিস বলছে, এখন থেকে প্রতিনিয়ত তাপমাত্রা আরও কমবে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, চলতি বছর একটু আগেভাগেই গত নভেম্বর মাস থেকে শীত পড়া শুরু করে এ জেলায়। এরপর থেকে তাপমাত্রা ১৪ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মাঝে ওঠানামা করছে। এর আগে গত শুক্রবার (৬ ডিসেম্বর) চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পরদিন শনিবার (৭ ডিসেম্বর) ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, গতকাল সকাল ৬টা ও ৯টায় চুয়াডাঙ্গা জেলায় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। যা চলতি শীত মৌসুমে এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা। তিনি বলেন, ‘শীত পড়লেও সকালে সূর্য উঠছে। তাই বেলা বাড়ার সাথে শীতের তীব্রতা কমছে। মধ্য ডিসেম্বর থেকে তাপমাত্রা আরও কমে ১০ ডিগ্রির নিচে নামতে পারে।’
