চুয়াডাঙ্গার জীবননগর-দত্তনগর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহী বাস দুমড়ে-মুচড়ে গেছে। এতে বাসে থাকা ৬-৭ জন যাত্রী আহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে সাতটার দিকে জীবননগর উপজেলার তেঁতুলিয়ায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের পরিচয় পেয়েছে পুলিশ। তাঁরা হলেন- বাসচালক মোহাম্মদ এবাদুল ইসলাম, বাসের যাত্রী আল আমিন, মিজান, টিটু, তুফান ও ইয়াসিন। তবে কেউ গুরুতর আহত হননি। সবাই জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার জিন্নাহনগর থেকে ৮-৯ জন যাত্রী নিয়ে চালক মোহাম্মদ এবাদুল ইসলাম বাস চালিয়ে জীবননগরের দিকে আসছিলেন। বাসটি জীবননগর-দত্তনগর সড়কের তেঁতুলিয়ায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক পাশের একটি গাছে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় বাসের চালকসহ ৬-৭ জন যাত্রী আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
পথচারী স্কুলশিক্ষক শফিকুল ইসলাম বলেন, ‘আমি সড়ক দিয়ে প্রতিদিনের মতো রোববারও আমার কর্মস্থল স্বরুপপুর মাধ্যমিক বিদ্যালয়ে যাচ্ছিলাম। সেখানে পৌঁছে দেখি, বাসটি দুর্ঘটনার শিকার হয়ে পড়ে আছে। তবে বড় কোনো হতাহতের খবর আমি পাইনি।’
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অল্পের জন্য যাত্রীরা প্রাণে রক্ষা পেলেও দুর্ঘটনা কবলিত বাসের সামনের অংশে দুমড়ে-মুচড়ে ভেঙে ঘটনাস্থলেই পড়ে আছে। পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।
