ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা ছানোয়ার হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার ভালাইপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছানোয়ার হোসেন সদর উপজেলার আলুকদিয়া হুচুকপাড়ার মৃত ওসমান আলীর ছেলে। তিনি আলুকদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সন্ধ্যায় সদর থানা পুলিশ জানতে পারে, একাধিক মামলার আসামি ছানোয়ার ভালাইপুর বাজার এলাকায় অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমানের নেতৃত্বে এসআই বাবলু খান সঙ্গীয় ফোর্সসহ ভালাইপুর বাজার এলাকায় অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, গ্রেপ্তারকৃত ছানোয়ার হোসেন আলোচিত সেভেন মার্ডার ও ভালাইপুর বাজারের জোড়া খুন মামলার অন্যতম আসামি। তিনি একসময় নিষিদ্ধ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিয়ে নেতা হন।
ওসি আরও বলেন, ‘জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি শহরে এসে ছাত্রদের ওপর হামলা চালান বলেও তথ্য পাওয়া গেছে। ৫ আগস্টের পর থেকে তিনি এলাকায় অরাজকতা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছিলেন বলে আমাদের কাছে তথ্য ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
