ছবির ক্যাপশন:
ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশের উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি আলমডাঙ্গা সরকারি কলেজ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ও ৭১ মোড় ও চারতলা মোড় প্রদক্ষিণ করে আল-তায়েবা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কার্যক্রমটি শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাওন আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ। উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্যসচিব আল ইমরান রাসেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসান রিঙ্কু, সদস্যসচিব তন্ময় আহমেদ, কলেজ ছাত্রদলের জীবন, রোহান, শাকিল, আউয়াল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘আপনারা ভারতীয় পণ্য বর্জন করুন। আমরা বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি, ভারতের শাসক দল বিজেপি নেতারা বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলছে। কিন্ত তারা জানে না, বাংলাদেশে হিন্দু-মুসলিম ভাই ভাই, এরা আপনাদের সাথে নাই।’ বক্তারা ভারতের মিডিয়ার গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানান এবং সেই সাথে সরকারের কাছে এর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
