ছবির ক্যাপশন:
মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্যে সার বিক্রি করা এবং পণ্যের মোড়কে মূল্য-তালিকা না থাকায় তিন ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
জানা গেছে, গতকাল মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে মেহেরপুর শহরের বড় বাজার এলাকার মেসার্স মোয়াজ্জেম হোসেনের সারের দোকানে অভিযান চালানো হয়। এসময় প্রতিষ্ঠানে তদারকিতে সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্যে সার বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়া সার ক্রয়-বিক্রয়ের ভাউচার প্রদান ও সংরক্ষণ না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে একই এলাকার কেয়া স্টোর এবং নিউ কেয়া স্টোরে অভিযান চালিয়ে মোড়কে মূল্য-তালিকা না থাকার অভিযোগে নিউ কেয়া স্টোরের মালিক হাফিজুর রহমানের কাছ থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারে ৮ হাজার টাকা এবং কেয়া ষ্টেটরের মালিক আজিজুল হকের নিকট থেকে একই ধারায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ উপস্থিত ছিলেন।
