ছবির ক্যাপশন:
জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধ ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহের মহেশপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। গতকাল সোমবার ঝিনাইদহের মহেশপুর শহরে হেফাজতে ইসলাম উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল করা হয়।
মিছিলটি মহেশপুর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ স্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য দেন হেফাজতে ইসলামের মহেশপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা শেখ আসাদ, সাধারণ সম্পাদক মুফতি শোয়াইব আহমাদ মাহদী, উপদেষ্টা মাওলানা সরোয়ার হোসেন, নাজির আহমাদ ও মাওলানা আবু দাউদ।
সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগের জঙ্গি সংগঠন ছাত্রলীগ যদি নিষিদ্ধ হতে পারে, তাহলে আওয়ামী লীগের সঙ্গী, এ দেশের জঙ্গি ইসকনকে কেন নিষিদ্ধ করা হবে না? বিপ্লবী সরকার এত ভীত হলে হবে না। ইসকনকে নিষিদ্ধ করতে যদি সরকার ব্যর্থ হয়, তাহলে এমন সরকার আমরা চাই না। আমরা ব্যর্থ সরকারকে বাদ দিয়ে অন্য বিপ্লবীদের দিয়ে সরকার গঠন করব। অনতিবিলম্বে ইসকন নিষিদ্ধসহ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবি জানান তারা।
