ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার চন্দ্রবাসে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি চন্দ্রবাস মাঝপাড়ার মৃত এরশাদ আলীর ছেলে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে চন্দ্রবাস বাজারের আ. আলিমের সারের দোকানের সামনে একটি পরিবহন তাকে ধাক্কা দেয়। এতে রফিকুল গুরুতর জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, রফিকুল ইসলাম চা পান করার জন্য পাকা রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি পরিবহনের ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা ও জীবননগর সার্কেল) জাকিয়া সুলতানা এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। থানার সকল কার্যক্রম শেষে গতকাল নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গতকাল শুক্রবার মাগরিবের নামাজের পর জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তাকে দাফন করা হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চন্দ্রবাস গ্রামে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় রফিকুল ইসলাম নিহত হয়েছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
