ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামে একটি চোরাই ষাঁড় বাছুর উদ্ধার করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার পুলিশের সহায়তায় গরুর প্রকৃত মালিক দলকা লক্ষ্মীপুর গ্রামের মোমিন তার গরুটি ফিরে পেয়েছেন। গত সোমবার রাত ১০টা থেকে গতকাল ভোর ৪টার মধ্যে উপজেলার জুড়ানপুর ইউনিয়নের দলকা লক্ষ্মীপুর গ্রামের মোমিনের বাড়ি থেকে গরুর বাছুরটি চুরি হয়।
স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাত ৩টার দিকে অজ্ঞাতনামা চোরচক্র গরুটি নিয়ে চিৎলা গ্রামের চাঁন্দামারির বিলের ধারে পৌঁছায়। এসময় বিলের মাছ পাহারাদার চিৎলা গ্রামের মৃত মস্তবারি সর্দ্দারের ছেলে লুৎফর রহমান গরু ও চোরচক্রের দিকে টর্চ লাইটের আলো ফেললে চোরচক্র গরুটি ফেলে পালিয়ে যায়। এসময় তিনি গরুটি উদ্ধার করে বেঁধে রাখেন। এবং গতকাল সকালে গরুটি নিয়ে গোবিন্দহুদা হাইস্কুলের কাছে নিয়ে যান এবং গরুর প্রকৃত মালিকের খোঁজ করতে থাকেন। এক পর্যায়ে গরুটির মালিকানা দাবি করেন কুড়ুলগাছি ও দলকা লক্ষীপুর গ্রামের কিছু ব্যক্তি, যার ফলে কিছু জটিলতা সৃষ্টি হয়।
এসময় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরকে বিষয়টি জানানো হয়। তিনি ঘটনাটির তদন্তে থানার সাব-ইন্সপেক্টর (এসআই) শফিউলকে ফোর্সসহ ঘটনাস্থলে পাঠান এবং গরুটি উদ্ধার করে থানায় নিয়ে যান। পরবর্তীতে যাচাই-বাছাইয়ের পর গরুর প্রকৃত মালিক হিসেবে দলকা লক্ষ্মীপুর গ্রামের মুসা করিমের ছেলে মোমিনকে গরুটি হস্তান্তর করা হয়।
ওসি হুমায়ুন কবির বলেন, ‘একটি চোরাই গরু উদ্ধার হওয়ার বিষয়টি জানার পর আমরা গরুটি উদ্ধার করে যাচাই-বাছাইয়ের পর প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছি। এছাড়া, অজ্ঞাতনামা চোরচক্রদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
