ছবির ক্যাপশন:
মেহেরপুরে হাসপাতালে অসুস্থ মাকে দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আব্দুল হালিম (৪৫)। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর ছোট বোন পলি খাতুন (২৫), যিনি বর্তমানে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। গতকার বুধবার সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হালিমের মৃত্যু হয়। তিনি মেহেরপুর সদর উপজেলার ইসলামনগর গ্রামের শিশিরপাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় আব্দুল হালিম ও তাঁর বোন মোটরসাইকেলযোগে মেহেরপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন মাকে দেখতে গিয়েছিলেন। ফেরার পথে আমঝুপি উত্তরপাড়ার সেকেন্দার আলীর গোডাউনের সামনে পৌঁছালে পেছন থেকে পশু খাদ্যের বস্তাসহ আসা একটি মোটরসাইকেল তাদের ওভারটেক করে। এ সময় বস্তায় টান লেগে আব্দুল হালিমের মোটরসাইকেলটি পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে।
দুর্ঘটনায় গুরুতর আহত আব্দুল হালিম ও পলি খাতুনকে স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে আব্দুল হালিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়, কিন্তু সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
