ছবির ক্যাপশন:
চার দিন পর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ঘোষিত চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটি পরিবর্তন করে নতুন করে অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চার দিন আগের পরিপত্র বাতিল করে নতুন অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কলেজের প্রতিষ্ঠাতা ফারুখ হোসেনের স্ত্রী নাফিয়া ইয়াসমিন।
এই কমিটিতে মো. রকিবুল হাসানকে বিদ্যোৎসাহী সদস্য করা হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষর করা কলেজের অধ্যক্ষ বরাবর প্রেরিত পত্র যার স্মারক নম্বর INS০২-৪/০০০৪৯/২০১৬/০৮১৪/৩৩৫১ এ তথ্য জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের বর্তমান সভাপতি মাসুদ রানার মনোয়ন পরিবর্তনপূর্বক তদস্থলে সভাপতি হিসেবে নাফিয়া ইয়াসমিন এবং বিদ্যোৎসাহী সদস্য আশকার আলীর মনোয়ন পরিবর্তনপূর্বক তদস্থলে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মো. রকিবুল হাসানকে মনোয়ন দেওয়া হলো। এই অ্যাডহক কমিটির মেয়াদ আগামী ২৩ মার্চ ২০২৫ইং তারিখ পর্যন্ত।
এসময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। এর আগে গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষর করা কলেজের অধ্যক্ষ বরাবর প্রেরিত পত্র যার স্মারক নম্বর INS০২-৪/০০০৪৯/২০১৬/০৮১৪/৩১২৯ এ কলেজের সভাপতি হিসেবে তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা ও বিদ্যোৎসাহী হিসেবে বিএনপি নেতা আশকার আলীকে মনোনীত করা হয়।
নতুন অ্যাডহক কমিটির সভাপতি নাফিয়া ইয়াসমিন বলেন, ‘আমার স্বামী এই কলেজের প্রতিষ্ঠাতা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমার স্বামীকে চরমভাবে লাঞ্ছিত ও বঞ্চিত করা হয়েছে। তাকে কলেজের কোনো বিষয়ে ডাকা হয়নি। একজন প্রতিষ্ঠাতা হিসেবে তার ন্যূনতম সম্মানটুকুও প্রদান করা হয়নি। নতুন অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে আমি সকলকে সাথে নিয়ে কলেজের শিক্ষা ও সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। সে জন্য সকলের সহযোগিতা কামনা করছি।’
সাবেক সভাপতি মাসুদ রানার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত পরে জানাবো। এদিকে ঘোষণার চার দিনের মাথায় বিএনপি নেতাদের মনোয়ন পরিবর্তন করে নতুন অ্যাডহক কমিটি গঠন হওয়ার সংবাদে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
