ছবির ক্যাপশন:
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে চুয়াডাঙ্গা ওলামা পরিষদ ও আলমডাঙ্গায় ইসলাম প্রিয় ছাত্র-জনতা ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ৩টায় জেলা উলামা পরিষদের উদ্যোগে শহীদ হাসান চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি জুনাইদ আল হাবিবী। উদ্বোধনী বক্তব্য দেন পরিষদের প্রচার সম্পাদক মুফতি খালিদ সাইফুল্লাহ রুহী।

গণসমাবেশে সভাপতির বক্তব্যে মুফতি জুনাইদ বলেন, নবী মুহাম্মদ (সা.)-এর যুগ থেকেই ইসলামকে দমিয়ে রাখার চেষ্টা চলছে, আর এই দুই উগ্র হিন্দু নেতা ক্ষমার অযোগ্য। তিনি তাদের মৃত্যুদণ্ড দাবি করেন এবং ভারতের সকল পণ্য বর্জনের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রামের মুফতি শামিম হুসাইন ফারুকী। এছাড়াও বক্তব্য দেন মাওলানা মাহবুবুর রহমান গাওহারী, মুফতি আব্দুর রাজ্জাক, মুফতি শোয়াইব আহমাদ কাসেমী, মুফতি আযীযুল্লাহ, মুফতি আলী আকবর, মাওলানা জহুরুল ইসলাম আজিজী প্রমুখ। গণসমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্বরে এসে দোয়ার মাধ্য দিয়ে শেষ হয়।

এদিকে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির প্রতিবাদে শহরে ইসলামপ্রিয় ধর্মপ্রাণ মুসলমান ও ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা শহরের আলিয়া মাদ্রাসা থেকে শুরু হয়ে শহরের হাই রোড, ৭১ মোড় ও চারতলার মোড় প্রদক্ষিণ করে আল-তায়েবার মোড়ে এসে শেষ হয়। সমাবেশে বক্তারা ভারতের এক পুরোহিত কর্তৃক ইসলামের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ (সা.)-কে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা উল্লেখ করেন, ধর্মীয়ভাবে কোনো মহামানবকে কটূক্তি করা একটি জঘন্য অপরাধ। তারা এ বিষয়ে ভারত সরকারকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর আহ্বান জানান। সমাবেশে বক্তব্য দেন আলমডাঙ্গা মহিলা কলেজের প্রভাষক শফিউল আলম বকুল, মোহাম্মদ সালেহীন, মোহাম্মদ আলিফ, শান্ত, তাওহীদ, কাজল, আবির, রাকিব প্রমুখ।
