ছবির ক্যাপশন:
মেহেরপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে গরুর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে সদর উপজেলার যাদবপুর মোড়ে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেহেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান।
জানা গেছে, যাদবপুর গ্রামের আব্দুল আওয়াল অসুস্থ গরুটি বাড়িতে জবাই করেন। পরে তিনি গরুর মাংস মেহেরপুর শহরের বোসপাড়ার মাংস ব্যবসায়ী টিটনের কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করেন। মাংসটি টিটন যাদবপুর মোড়ে বিক্রি করতে গেলে বিষয়টি জানাজানি হয়।
এ ঘটনায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ৩, ২৩ ও ২৪ ধারায় গরুর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ ও সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
