ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছোট দুধপাতিলা গ্রামে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ১টার দিকে স্থানীয়রা তাকে ছোট দুধপাতিলা গ্রামে রেল লাইনের পাশে জখম অবস্থায় পড়ে থাকতে দেখে। এসময় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সার্জারি বিভাগে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বৃদ্ধার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ছোট দুধপাতিলা গ্রামের বাসিন্দা ইকরামুল হক জানান, রেল লাইনের পাশে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেন। পরে বেলা সোয়া ১টার দিকে গ্রামবাসীদের সহায়তায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বলেন, ওই বৃদ্ধা গ্রামের বাসিন্দা নন। ট্রেনের ধাক্কায় অথবা চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে তিনি জখম হতে পারেন। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুস সাকিব জানান, বৃদ্ধার মাথায় গুরুতর আঘাত ছিল। জরুরি বিভাগ থেকে চিকিৎসার পর তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়, কিন্তু সন্ধ্যায় তার মৃত্যু হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, অপমৃত্যুর বিষয়ে থানা পুলিশকে অবগত করা হয়েছে।
