দামুড়হুদায় এবার ২০টি মন্দিরে উদ্যাপিত হবে দুর্গোৎসব

আপলোড তারিখঃ 2024-09-23 ইং
দামুড়হুদায় এবার ২০টি মন্দিরে উদ্যাপিত হবে দুর্গোৎসব ছবির ক্যাপশন:

হিন্দুধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। ১৫ দিন পরেই শুরু হবে দেবীর পূজা। সেই উপলক্ষে দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় ২০টি মন্দিরে প্রতিমা তৈরির কাজ চলছে। এতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। প্রতিমার বেশিরভাগ কাজ শেষ হয়েছে, এখন শুধু বাকি রঙতুলির ছেঁায়া। পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে ইতিমধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। এবার দেবী দুর্গার আগমন হবে দোলায় এবং বিসর্জন হবে ঘোটকে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই মহোৎসবকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে বইছে দেবী দুর্গার আগমনী বার্তা।
হিন্দু সম্প্রদায়ের মতে, এ বছর ৯ই অক্টোবর ষষ্ঠী তিথিতে ষষ্ঠ্যাদি, কল্পারম্ভ, বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে পূজার সূচনা হবে। ১০ই অক্টোবর সপ্তমী তিথিতে নবপত্রিকা প্রবেশ ও সপ্তমীর পূজা, ১১ই অক্টোবর মহাঅষ্টমী ও সন্ধিপূজা, ১২ই অক্টোবর মহানবমীর পূজা এবং ১৩ই অক্টোবর দশমীর পূজা ও দর্পণ বিসর্জন হবে।
দামুড়হুদার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, বিভিন্ন জেলা থেকে আসা কারিগররা ব্যস্ত সময় কাটাচ্ছেন। আঠালো মাটি, বেলে মাটি, পাট, ধানের গুঁড়া, খড়, বিচালি, নিষিদ্ধ পল্লীর মাটি দিয়ে দক্ষ হাতে প্রতিমা তৈরি করছেন তারা। গৃহিণীরাও বসে নেই, মাটি দিয়ে কারুকার্যময় অলংকার তৈরি করে প্রতিমাকে সাজাচ্ছেন। এ বছর দামুড়হুদা উপজেলায় ২২টি পূজামণ্ডপের মধ্যে ২০টি মণ্ডপে প্রতিমা তৈরি হচ্ছে। তবে ব্যক্তিগত কারণে গোবিন্দহুদা দাস পাড়া ও পুড়াপাড়া মণ্ডপে প্রতিমা তৈরি হবে না।
মাগুরা থেকে আসা প্রতিমা তৈরির কারিগর সুজন জানান, ‘আমি ১৩ বছর ধরে প্রতিমা তৈরির সঙ্গে যুক্ত আছি। সবকিছুর দাম বেড়ে যাওয়ায় আয়ও কমে গেছে। এবার ৫টি প্রতিমা তৈরি করছি। প্রতিটি প্রতিমা তৈরি করতে ৩০ থেকে ৬০ হাজার টাকা নিয়ে থাকি। তবে, ভালো—মন্দ নানা বিষয় থাকে।’
দামুড়হুদা উপজেলা পূজা উদ্যাপন কমিটির আহ্বায়ক বাসুদেব বলেন, ‘এ বছর ২০টি পূজামণ্ডপে প্রতিমা তৈরি করা হয়েছে। আমরা আনন্দ—উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের প্রস্তুতি নিচ্ছি। কোথাও কোনো সমস্যা হচ্ছে না। সরকারিভাবে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশ যথেষ্ট ভূমিকা রাখবে বলে আশা করি।’
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, ‘দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিটি মন্দির আমাদের নজরদারির আওতায় আছে। ৮ই অক্টোবর থেকে প্রতিটি পূজামণ্ডপে পুলিশ মোতায়েন থাকবে। আমরা এ বছর পূজা উদ্যাপনে কোনো আপত্তিকর ঘটনা ঘটবে না বলে আশাবাদী।’
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান বলেন, ‘উপজেলার ২২টি পূজামণ্ডপের মধ্যে ২০টি মণ্ডপে পূজা উদ্যাপিত হবে। কোনো ঝুঁকিপূর্ণ মণ্ডপ নেই। সরকারি সহযোগিতাও বেড়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় এ বছর পূজা জাঁকজমকপূর্ণভাবে উদ্যাপিত হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)