ছবির ক্যাপশন:
‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ স্লোগানে চুয়াডাঙ্গায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চুয়াডাঙ্গা কার্যালয়ের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়।
আয়োজকেরা জানান, কর্মশালায় চুয়াডাঙ্গা সার্কেলের শতাধিক পেশাজীবী গাড়িচালককে প্রশিক্ষণ প্রদান এবং দক্ষতা যাচাই করা হয়। এতে স্বাস্থ্য সমস্যা এবং গাড়ি চালনাকালীন ঝুঁকি মোকাবিলা, ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, সিগন্যাল ও লেনবিধি মেনে চলার বাধ্যবাধকতা এবং সড়কে নিরাপদে মোটরযান চালানোসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. আতিয়ার রহমান। প্রধান অতিথি ছিলেন বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জি) মো. মঈনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান, ট্রাফিক ইন্সপেক্টর সোহেল রানা ও বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক আবু জামাল। অনুষ্ঠান পরিচালনা করেন সিল ম্যাকানিক ও ড্রাইভিং প্রশিক্ষক মো. জাকির হোসেন।
কর্মশালায় বক্তারা বলেন, সাবধানে গাড়ি চালানোর কোনো বিকল্প নেই। দ্রুতগতিতে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ। কারণ একজন চালককে যাত্রীদের সাথে সাথে পথচারীদেরও নিরাপদ রাখতে হয়। এ জন্য বেপরোয়া গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। এতে অনেক প্রাণ বেঁচে যাবে। শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী চালকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা।
