সাবেক এমপি-থানার ওসির বিরুদ্ধে মামলা

আপলোড তারিখঃ 2024-09-18 ইং
সাবেক এমপি-থানার ওসির বিরুদ্ধে মামলা ছবির ক্যাপশন:

গাংনী থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্র নাথ ও কয়েকজন পুলিশ সদস্য এবং সাবেক এমপিসহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের নামে মামলা হয়েছে। ক্রসফায়ারের ভয় দেখিয়ে শারীরিক নির্যাতন ও জোরপূর্বক চাঁদা আদায়সহ তিনটি মিথ্যা মামলার আসামি করার অভিযোগে মামলাটি দায়ের করেন গাংনীর পশ্চিম মালসাদহ গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও পুলিশ সদস্য মৃত মহর আলীর ছেলে মনিরুজ্জামান মনি। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর আমলি (গাংনী) আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের আদেশ দিয়েছেন।
মামলার বাদী মনিরুজ্জামান মনি গাংনী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক। মামলায় প্রধান আসামি করা হয়েছে গাংনী থানার তৎকালীন ওসি হরেন্দ্রনাথকে। এছাড়া মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, গাংনী থানার এসআই আব্দুল হক, এসআই বখতিয়ার, এসআই ইসরাফিল, এসআই নারোদ, এএসআই শরিফ, এএসআই রেদোয়ান, উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদসহ ২১ জনকে।

বাদী এজাহারে উল্লেখ করেছেন, ২০১৮ সালের ১৮ ডিসেম্বর উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন বাদীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। প্রাণনাশের হুমকিতে থানায় জিডি করতে গেলেও ওসি হরেন্দ্রনাথ তা গ্রহণ করেনি। এদিন মোশাররফ হোসেনের অফিসে বাদীকে তুলে নিয়ে গিয়ে মারধর করে ৫ লাখ টাকা আদায়ের চেষ্টা করা হয়। টাকা না পেয়ে থানার গাড়িতে তুলে দেওয়া হয়। থানায় নিয়ে বাদীর চোখ ও হাত পা বেঁধে পিটিয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৫ লাখ টাকা চাঁদা দিতে বলে আসামিরা। পরবর্তীতে আবারও বাদীকে ধরে থানায় নিয়ে নির্যাতন করে ২ লাখ টাকা নেওয়া হয়। এরপরেও বাদীকে ছেড়ে না দিয়ে অস্ত্রসহ মিথ্যা মামলায় কোর্টে চালান দেওয়া হয়। পরে আরও দুটি সাজানো মিথ্যা মামলা দিয়ে বাদীকে নির্যাতন করা হয়। আরও মামলার ভয় দেখিয়ে আসামিরা পরবর্তীতে বাদীর কাছ থেকে আরও ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। আসামিরা পরস্পর যোগসাজশে এ ঘটনা ঘটায়, তাই তাদের দৃষ্টান্তমূলক সাজা দাবিতে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানান মনিরুজ্জামান মনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)