ছবির ক্যাপশন:
শহর প্রতিবেদক: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চুুয়াডাঙ্গা জেলা সংসদের উদ্যোগে ৫৫ তম মহান শিক্ষা দিবস পালিত হয়েছে। গতকাল রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে চুুয়াডাঙ্গা প্রেসক্লাব থেকে একটি র্যালি বের হয়ে কোর্ট মোড় ঘুরে পুনরায় প্রেসক্লাবে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চুুয়াডাঙ্গা জেলা সংসদের সভাপতি শাওন কুমার রায়ের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চুুয়াডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক ছাত্র ইউনিয়নের সাবেক নেতা লুৎফর রহমান, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ চুুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক সাবেক ছাত্র ইউনিয়ন নেতা কাজল মাহমুদ, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মরিয়ম শেলী, বাংলাদেশ উদীচী শিল্পিগোষ্ঠী চুুয়াডাঙ্গা জেলা সংসদের উন্নয়ন বিষয়ক সম্পাদক আসমা হেনা চুমকি। বক্তারা উল্লেখ করেন, ১৯৬২ সালে ১৭ সেপ্টেম্বর টাকা যার শিক্ষা তার এই নীতি বাতিলের দাবিতে ছাত্র আন্দোলনে শহীদ হয়েছিল বাবুল, মোস্তফা, ওয়াজিউল্লাহসহ নাম না জানা আরও অনেকে। ঐদিন থেকে ছাত্র ইউনিয়ন আজকের এই দিনে মহান শিক্ষা দিবস পালন করে আসছে। বক্তারা মহান শিক্ষা দিবস জাতীয়ভাবে পালন, ছাত্র সংসদ নির্বাচন, পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীরণ বাতিল, ছাত্র অনুপাতে শিক্ষক ও ক্লাস রুম বৃদ্ধি, সকল যানবাহনে ৫০ শতাংশ ছাত্র কনসেশন, জাতীয় আয়ের ৮ শতাংশ শিক্ষাখাতে বরাদ্ধ, ছাত্রদের জন্য হেলথ কার্ড বরাদ্ধ, রোহিঙ্গাদের মায়ানমারে ফিরিয়ে নিয়ে পুণ্য প্রতিষ্ঠিত করা, শিক্ষাক্ষেত্রে সকল প্রকার বৈষম্য দূর করার সাথে একই ধারার গণমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষানীতি বাস্তবায়নের দাবি জানায়। আলোচনা সভার শুরুতেই ছাত্র ইউনিয়ন কর্মীরা জাতীয় ও দলীয় সংঙ্গীত পরিবেশন করেন। আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চুুয়াডাঙ্গা জেলা সংসদের সাধারণ সম্পাদক হাবিব রায়হান হৃদি। ছাত্র ইউনিয়নের নেতৃত্বে পরিচালিত শিক্ষা আন্দোলনের ইতিহাস পাঠ করেন ছাত্র ইউনিয়ন চুুয়াডাঙ্গা সংসদের সহ-সভাপতি তাসলিমা আলম। অনান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন চুুয়াডাঙ্গার শিক্ষা বিষয়ক সম্পাদক রনি বিশ্বাস, সদস্য জুবায়ের হোসেন, সাম্য বিশ্বাস প্রমুখ।
