ছবির ক্যাপশন:
দর্শনায় দুই পক্ষের জমি সংক্রান্ত দ্বন্দ্বের জেরে কৃষক রাজু আহম্মেদের আড়াই বিঘা জমির পেপে বাগান কেটে বিনষ্ট করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর—মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের কাঠজুলা মাঠে এ ঘটনা ঘটে। এক পক্ষের পেপে বাগান কেটে বিনষ্ট করা হলেও দর্শনা থানায় দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ছয়ঘরিয়া গ্রামের আজিজুলের ছেলে রাজু আহমেদ উত্তর মসজিদপাড়ার মুলাম মণ্ডলের ছেলে শওকত, রহমত ও দাউদের ৮৭ শতক জমি লিজ নিয়ে পেঁপে বাগান করে। উক্ত ব্যক্তিদের সঙ্গে একই পাড়ার মৃত বিল্লাল হোসেনের ছেলে আব্দুল কাদের, ইসমাইল হোসেন, সাব্বির হোসেন দুলু, ওসমান গনির ছেলে ফরহাদ ও রিপনদের দীর্ঘদিন ধরে জমি জামা সংক্রান্ত দ্বন্দ্ব চলে আসছে।
ভুক্তভোগী রাজু বলেন, শওকত, রহমত ও দাউদের কাছ থেকে বছর দুয়েক আগে জমি লিজ গ্রহণ করি। ওই জমিতে পেঁপে বাগান থাকাই গতকাল সকাল সাড়ে ৬টার দিকে জোর পূর্বক আমার লিজ নেওয়া জমিতে এসে ফলন্ত পেঁপে গাছ ধারালো হাসুয়া দিয়ে কেটে দেয় একই গ্রামের আব্দুল কাদের ইসমাইল, দলুসহ ৫—৬ জন। আমরা খবর পেয়ে বাঁধা দিতে গেলে ধারলো হাসুয়া দিয়ে হত্যার হুমকি দেয়। এবং প্রকাশ্যে আড়াই বিঘা জমির পেঁপে বাগান কর্তন করে নির্বিঘ্নে চলে যায়।
রাজু জানান, শেষ সম্বল পেঁপে বাগানটি হারিয়ে কোনো উপায়ান্তর না পেয়ে আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি। এ ঘটনায় তিনি ৫০ লাখ টাকা ক্ষতির শিকার হয়েছেন বলে জানান।
গ্রামবাসী জানায়, ছয়ঘরিয়া গ্রামের মাঠের আড়াই বিঘা জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। প্রতিপক্ষ আব্দুল কাদের ও তার লোকজন মাঠের আড়াই বিঘা জমির পেপে খেত প্রকাশ্য দিবালোকে কেটে তছরুপ করেছে।
এদিকে, গতকাল সকালে প্রতিপক্ষ আব্দুল কাদেরও দর্শনা থানায় এসে লিখিত অভিযাগে করেন। অভিযোগ তিনি উল্লেখ করেছেন, তার জমিতে থাকা পেপে গাছ ও লিপিয়ার ঘাস কেটে ক্ষতি করেছে অপর পক্ষের লোকজন। তারা আব্দুল কাদেরের বাড়িতেও হামলা করে সাংসারিক জিনিসপত্র ক্ষতি করেছে।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, দু—পক্ষের দুটি অভিযাগে পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
