আলমডাঙ্গায় যাতায়াতের পথে প্রাচীর নির্মাণ প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন

আপলোড তারিখঃ 2024-09-04 ইং
আলমডাঙ্গায় যাতায়াতের পথে প্রাচীর নির্মাণ প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় শারীরিক প্রতিবন্ধী কোরবান আলী কবিরাজের বাড়িতে যাতায়াতের পথ বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা চারটায় আলতায়েবা মোড়ে স্থানীয়রা এ মানববন্ধন করেন। মানববন্ধনে একই এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম নামের এক বিজিবি সদস্যের বিরুদ্ধে প্রাচীর নির্মাণ করে চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ করা হয়। ভুক্তভোগী কোরবান আলী গোবিন্দপুর গ্রামের মণ্ডলপাড়ার বাসিন্দা।

     জানা গেছে, ৩৫ বছর আগে গোবিন্দপুর গ্রামের মণ্ডলপাড়ায় পরিবার নিয়ে বসবাস শুরু করছেন কোরবান আলী। পার্শ্ববর্তী জমির মালিক উম্বাদ আলীর ছেলে রেজাউল হক সেসময় তাদের জমির মাঝ দিয়ে  কোরবান আলীর পরিবারের যাতায়াতের জন্য রাস্তা বরে বরে তৈরি করে দেন। তবে সম্প্রতি বিজিবি সদস্য সিরাজুল ইসলাম ওই রাস্তার একপাশের জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করেন। তার কিছুদিন পর বাড়ির পিছনের জমিও ক্রয় করেন তিনি। এরমধ্যে গত ৪ মাস পূর্বে সদস্য সিরাজুল ইসলাম কোরবান আলীর যাতায়াতের একমাত্র রাস্তাটিতে প্রাচীর নির্মাণ করেন। এতে কোরবান আলীর পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ হয়ে আটকা পরে পরিবারটি। এর প্রতিবাদে এলাকাবাসী গতকাল শহরের আল তায়েবা মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে। দীর্ঘ ৪ মাস পর স্থানীয়দের সহায়তায় বাড়ি থেকে বের হতে পারেন প্রতিবন্ধী কোরবান আলী।

মানববন্ধনে অংশ নেন আলমডাঙ্গা পৌর ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ডালিম হোসেন, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি নূর মোহাম্মদ হোসাইন টিপু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টু, আনোয়ার হোসেন জালাল, লাল মিয়া, রুস্তম আলী, জিল্লুর রহমান মহুরী, শফিকুল ইসলম, তানভির আহমেদ, আকাশ, আব্দুর রহমান, রফিকুল ইসলাম, কাতব আলী প্রমুখ।

মানববন্ধনে কোরবান আলী কবিরাজ বলেন, তার পরিবারের উপার্জন করার কেউ নেই। তিনি শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ভ্যানে চলাফেরা করেন। যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ায় তার পরিবারটি গত ৪ মাস ধরে মানবেতর জীবনযাপন করছে। ৪ মাস ধরে তিনি বাড়িতে বন্দি অবস্থায় রয়েছেন। বিজিবি সদস্য সিরাজুল জমি কেনার অনেক আগেই ওই জমির মালিক পথটি তৈরি করে দিয়েছিলেন তাদের যাওয়া আসার জন্য। সেই পথটিতে এখন প্রাচীর নির্মাণের কারণে তার পরিবার গৃহবন্দী হয়ে পড়েছেন। তিনি বলেন, সিরাজুল ইসলাম বলছে সে তার কেনা জমিতে প্রাচীর দিয়েছে। সেখান দিয়ে কাউকে যেতে দেবেন না।

পৌরসভার ৬ নং ওয়ার্ড সদস্য ডালিম হোসেন জানান, জমির পূর্বের মালিকের ৪৬ শতক জমির মধ্যে ৪৫ শতক বিক্রয় করেছেন সিরাজুল ইসলাম। ১ শতক জমি অবশিষ্ট পথ হিসেবে রেখে দিয়েছেন। সেই পথের জমিও তিনি নিয়েছেন। পথ বন্ধ করে দেওয়ার পর জেলা প্রশাসক বরাবর অভিযোগ করা হয়েছে। জেলা প্রশাসকের অফিস থেকে আলমডাঙ্গা ভূমি অফিসে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)