বিদ্যুৎস্পৃষ্টে আহত শিশুর পাশে দাঁড়িয়েছে চুয়াডাঙ্গার ছাত্র সমাজ। স্থানীয়ভাবে শিক্ষার্থীরা বড় বাজার, নিচের বাজারসহ চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থান থেকে আর্থিক সহায়তা সংগ্রহ করে আহত শিশুর পরিবারের হাতে তুলে দেয়। জানা গেছে, সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের ওহিদুল ইসলামের ছেলে সিহাব (১১) বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়ে কয়েকদিন ধরে সদর হাসপাতালে ভর্তি ছিল। পারিবারিক আর্থিক অস্বচ্ছলতার কারণে উন্নত চিকিৎসায় সমস্যায় পড়ে পরিবারটি। তাদের সহযোগিতায় এগিয়ে আসে চুয়াডাঙ্গার ছাত্রসমাজের একটি দল। তারা হাসপাতাল ও সমাজসেবা অধিদপ্তরের সাথে যোগাযোগ করে সহযোগিতা করে।
এছাড়াও বিভিন্ন স্থান থেকে আর্থিক সহায়তা সংগ্রহ করে পরিবারটির হাতে তুলে দেয়। এ উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ছিলেন রেজাউল বাশার প্লাবন, ফাহাদ আশরাফ, লাবিব মণ্ডল, তাহিতুর রহমান, ফাতেমা খাতুন শাপলা, মুক্তা খাতুন প্রমুখ।
