ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় মর্টার সেল পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার লড়াইঘাটা গ্রামের একটি সিম খেতে মর্টার সেলটি পড়েছিল। ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ গত ১৬ আগস্ট রাত ১০টার দিকে এই মর্টার সেলটি নিক্ষেপ করলে তা বাংলাদেশের মধ্যে এসে পড়ে বলে জানা গেছে।
লড়াইঘাটা গ্রামের বাসিন্দারা জানান, স্থানীয় বিজিবি ক্যাম্প থেকে প্রায় এক কিলোমিটার দূরে বিকট শব্দ হয়ে চারপাশ আলোকিত হয়ে যায়। আলো ও শব্দের উৎস জানতে না পারায় বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছিল এলাকাবাসী। গতকাল শনিবার সকালে ওই গ্রামের কৃষক নজরুল ইসলাম নাজু তার সিম খেতে গিয়ে মর্টার সেলটি দেখতে পেয়ে মহেশপুর—৫৮ বিজিবিকে খবর দেয়। বিজিবি খবর পেয়ে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।
কৃষক নজরুল ইসলাম জানান, ১৬ আগস্ট বিকট শব্দের পাশাপাশি প্রচণ্ড আলো ছড়িয়ে পড়েছিল। কিন্তু উৎস জানতে না পারায় আমরা এতোদিন গুরুত্ব দিইনি। কিন্তু শনিবার সকালে মাঠে গিয়ে মর্টার সেল দেখতে পাই।
এ ব্যাপারে মহেশপুর—৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান জানান, মর্টার সেল পাওয়ার পরপরই ভারতীয় সীমান্তরক্ষীদের কাছে প্রতিবাদ পাঠানো হয়েছে। সেই সাথে পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে মর্টার সেলটি নিষ্ক্রিয় করবে।
