ছবির ক্যাপশন:
জীবননগর বাজারে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান ও আড়তে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ। এসময় অননুমোদিত ও নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য, মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ ও মূল্য লেখাবিহীন পণ্য বিক্রয়ের অপরাধে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সজল আহম্মেদ বলেন, গতকাল বৃহস্পতিবার নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে জীবননগর বাজারের বিভিন্ন রাইচ মিল, চালের আড়ত, শিশুখাদ্যসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। তিনি অবৈধ মজুদ ও অযাচিত মূল্যবৃদ্ধির বিষয়ে সবাইকে সতর্ক করেছেন।
সজল আহম্মেদ আরও বলেন, জীবননগর পান বাজারের মেসার্স রিপন স্টোরকে আগেও কয়েকবার সতর্ক করা হয়েছিল। তবে তা সত্ত্বেও সেখানে অননুমোদিত ও নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য, মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ এবং মূল্য লেখাবিহীন পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. সালাউদ্দিন রিপনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সজল আহম্মেদ বলেন, এদিন আরও কিছু প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের সতর্ক করেছেন। সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বেচাকেনা, ভাউচার সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়েছে। পরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
