ছবির ক্যাপশন:
‘সাংবাদিকরা কারও প্রতিপক্ষ নয়। সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের উন্নয়নে কাজ করে। এজন্য গণমাধ্যমের উপর যে কোনো হামলা-মামলা কখনো কাম্য নয়।’ ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাকক্ষে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য সচিব অ্যাড. মানিক আকবর। অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ ও দৈনিক আকাশ খবর পত্রিকার সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি। এতে উপস্থিত থেকে বক্তব্য দেন, ৭১ টিভির প্রতিনিধি এম এ মামুন, বাংলানিউজের করেসপন্ডেন্ট জিসান আহমেদ, বাংলা টিভির প্রতিনিধি মামুন মোল্লা ও সাংস্কৃতিক কর্মী হাবিবি জহির রায়হান।
প্রতিবাদ সভায় বক্তারা আরোও বলেন, ‘ইস্ট ওয়েস্ট মিডিয়ার উপর যে হামলার ঘটনা ঘটেছে, এর সুষ্ঠু তদন্ত ও বিচার করে বর্তমান সরকার স্বচ্ছতার প্রমাণ দেবে বলে আমাদের বিশ্বাস।’ বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীরা কারো পক্ষের না। তারা রাষ্ট্রের স্তম্ভ। এসময় বক্তারা গণমাধ্যমে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান। পরে গণমাধ্যমকর্মীরা চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
