ছবির ক্যাপশন:
‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’ এ স্লোগানকে সামনে নিয়ে ঝিনাইদহে সম্প্রীতি পদযাত্রা করেছে সনাতনী সম্প্রদায়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে গতকাল শনিবার দুপুরে শহরের পায়রা চত্বর থেকে পদযাত্রা শুরু করা হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন শেষে এক সমাবেশে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, সহসভাপতি অ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতা প্রহল্লাদ সরকার, দিপংকর ঘোষ ও প্রদীপ রায় বক্তব্য দেন।
সমাবেশে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেন, ঝিনাইদহে কোনো সংখ্যালঘুর ওপর হামলা বা বাড়িঘর ভাঙচুর হয়নি। যা প্রচার হচ্ছে, সবই মিথ্যা। তারা বলেন, বিএনপি ও ইসলামী দলগুলো রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে। এটা সম্প্রীতির মেলবন্ধন।
বিএনপি সভাপতি এম এ মজিদ বলেন, দেশের সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। সনাতনী সম্প্রদায়ের মানুষের কেউ কোনো প্রকার ক্ষতি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন এম এ মজিদ। তিনি স্মরণ করিয়ে দেন ধর্ম যার যার বাংলাদেশ সবার। এই দেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশি।
