ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদরের নবীননগরে সাপের কামড়ে টিটন হোসেন (১৫) নামের এক কিশোরের অকাল মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রাজশাহী নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে সাপে কামড় দেয়। সে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবীননগর পূর্ব পাড়ার মোদোর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নিজেদের মাটির ঘরে ঘুমিয়ে ছিল টিটন। এসময় সাপের কামড়ের শিকার হয় সে। বিষয়টি জানতে পেরে রাতেই পরিবারের লোকজন তাকে স্থানীয় কবিরাজের কাছে নেয়। কবিরাজের কয়েক ঘণ্টার চিকিৎসায় কোনো ফল না পেয়ে পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। তবে অবস্থা শঙ্কাজনক হওয়ায় হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত সময়ের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়। সকালে অ্যাম্বুলেন্সযোগে রাজশাহী নেয়ার পথে আলমডাঙ্গা পৌঁছালে তার মৃত্যু হয়। এদিকে, গতকালই পারিবারিক কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়।
